নগরীতে মধ্যরাতে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে নগরীর মেজরটিলা-ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও যুবদল কর্মী কবীর গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে মেজর টিলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষ বুধবার বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে।
এসএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খানও বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








