শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হামলায় নিহত ১

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৪:১২:৪১ অপরাহ্ন

জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হামলায় নিহত ১


বোনের বিয়ের ওয়ালিমার দাওয়াত দিতে গিয়ে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন লুদরপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নাজিমের মনোমালিন্য তৈরি হয়। শনিবার সকালে বিয়ের ওয়ালিমার দাওয়াত দিতে মাসুমের বাড়িতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তাঁর ভাইয়েরা নাজিমের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন

পরে আশঙ্কাজনক অবস্থায় নাজিমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাজিমের বোন সাজিয়া বেগম অভিযোগ করেন, মাসুমের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ভাইয়ের ওপর হামলা করেন। তিনি বলেন, ‘তাঁরা ছুলফি দিয়ে আমার ভাইয়ের বুকে উপর্যুপরি আঘাত করে তাঁকে হত্যা করেছেন। আমি তাঁদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, নাজিম উদ্দিনকে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।

জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর