সিলেট মহানগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর রাজারগলি এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে নির্ভুল তথ্য সংগ্রহ জরুরি। তথ্যের ভুলের কারণে কোনো দরিদ্র পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
এ জন্য তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করার জন্য তাঁদের ট্যাব সরবরাহ করা হয়েছে। তথ্য সংগ্রহকারীদের সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিসিক প্রশাসক।
নগরবাসীর সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের অতিদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহসভাপতি সৈয়দ রাজন আহমদ, সিনিয়র সহসভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী।
এ ছাড়া রাজার গলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম।
আজকের সিলেট/ জেকেএস









