নগরীতে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:২৭ AM

নগরীতে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৪:২৯:০০ AM

নগরীতে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো: মোঃ আজিজুল ইসলাম (২৯), আবুল কালাম (৩২), প্রনয়ন দাস (২৬), সাইফুজ্জামান (৩২), মোঃ রেজাউল করিম (২৯), লোটন চৌধুরী (৩৩)।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকার লতিফিয়া টাওয়ারের নিচ থেকে পোল্যান্ড প্রবাসী জনৈক নাজমুল ইসলাম-এর ব্যবহৃত একটি ইয়ামাহা FZS.V3 মডেল মোটরসাইকেল চুরি হয়। ঘটনাটি ঘটার পর ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করলে, মঙ্গলবার (২৭ মে) এ বিষয়ে মামলা (নং-৪৬, ধারা-৩৮০ পেনাল কোড) রুজু করা হয়।

উক্ত ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্স-এর নেতৃত্বে একটি চৌকস দল মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার চান্দুরা শ্যামলীঘাট এলাকায় ‘পাসওয়ার্ড’ নামীয় দোকানের সামনে থেকে চোর চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চান্দুরা এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে সিলেট শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ব্রাহ্মণবাড়িয়ায় এনে বিক্রি করতো। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়ামাহা FZS.V3 সহ আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। যা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের তৎপরতা সুধী মহলে প্রশংসিত হয়েছে।

আজকে সিলেট/ডি/এপি/বিজ্ঞপ্তি

সিলেটজুড়ে


মহানগর