ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী নবীনবরণ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪০ AM

ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৭:১৪:২৩ PM

ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ব্যতিক্রমী নবীনবরণ


শুধুমাত্র একাডেমিক যাত্রার সূচনা নয়- এই আয়োজনের মূল প্রতিপাদ্য নিয়ে ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধের বীজ বপনের স্বপ্ন নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী ওসমানী মেডিকেল কলেজের নতুন শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে কলেজ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোকসানা আহমেদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।

প্রধান অতিথির বক্তব্য ভিসি বলেন, চিকিৎসা শিক্ষার মূল ভিত্তি হলো নিষ্ঠা, মানবতা ও নৈতিকতা। একজন চিকিৎসকের শুধুমাত্র পেশাগত দক্ষতা নয়, একজন সৎ ও সহানুভূতিশীল মানুষ হওয়াটাও জরুরি। চিকিৎসা একটি মহৎ পেশা। তাই ভবিষ্যৎ চিকিৎসকদের শুধু বিদ্বান নয়, হতে হবে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক।

নবীনবরণ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্যতিক্রমী  বৃক্ষরোপণ কর্মসূচি। নবাগত শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়, যা তারা কলেজজীবনে পরিচর্যা করবেন।

এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিকতা, দায়িত্ববোধ ও প্রকৃতির প্রতি ভালোবাসার প্রতীক হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে দেখা যায় উচ্ছ্বাস ও অনুপ্রেরণা। এমন মানবিক ও শিক্ষামূলক আয়োজনে অংশ নিতে পেরে তারা নিজেদের গর্বিত মনে করেন।

সকলেই আশা প্রকাশ করেন- ওসমানী মেডিকেল কলেজের এই ব্যতিক্রমী নবীনবরণ নতুন প্রজন্মের চিকিৎসকদের মধ্যে আজীবন মানবিক চেতনার দীপ্ত আলো জ্বালিয়ে রাখবে।

আজকে সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর