আষাঢ়ের আকাশ আজ যেন ভিজে উঠেছে ভক্তির সুরে। বাতাসে ভেসে আসছে শঙ্খধ্বনি, ঢাকের বাজনা আর শত শত কণ্ঠের জয়ধ্বনি। আকাশ থেকে নামছে কুড়ি কুড়ি বৃষ্টি কখনো আলতো ফোঁটা, কখনো টুপটাপ শব্দ তুলে ভিজিয়ে দিচ্ছে সিলেটের পথঘাট।
এই মেঘলা বিকেলে রাস্তায় নেমেছে ভক্তির মিছিল। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা ধ্বনিতে মুখরিত সিলেট নগরী। রথের দড়ি টানছেন শ্মশ্রুমণ্ডিত বৃদ্ধ থেকে শুরু করে হাতেখড়ি না-পড়া শিশু পর্যন্ত। কেউ কপালে তিলক এঁকে, কেউ হাতে মালা গেঁথে — সবার চোখে আজ একটাই আকুতি, একটাই বিশ্বাস।
কুড়ি কুড়ি বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে শরীর, তবে হৃদয় ভরছে এক অভাবনীয় প্রশান্তিতে। হাওয়ার সঙ্গে ভেসে আসে প্রসাদ-চানাচুরের গন্ধ। মেলার মাঠে হাসছে শিশুরা, দোল খাচ্ছে রঙিন বেলুন।
এক বৃদ্ধা ভক্ত দাঁড়িয়ে ভিজছেন রথের পাশে। তার মুখে ঠোঁটের কোণে একটুকরো হাসি, চোখের কোনে মৃদু জল। বললেন,
"এ বৃষ্টি তো ভগবানের আশীর্বাদ। এই বৃষ্টির ফোঁটায় মিশে আছে শান্তি, মিশে আছে পুরনো দিনের স্মৃতি।"
মিছিল এগিয়ে চলে। রথের চাকা ঘুরতে থাকে ধীরে ধীরে। প্রতিটা ধাক্কায় উঠে আসে হাজারো কণ্ঠের স্লোগান। মাথার ওপরে কুড়ি কুড়ি বৃষ্টি, তবু কারো মুখে ক্লান্তি নেই। এই বর্ষার দিনে যেন রথের সঙ্গে সারা শহরও টেনে নিয়ে যাচ্ছে নিজেদের সব দুঃখ, কষ্ট আর ক্লান্তি।
আকাশ আর মাটির মাঝে ভাসতে থাকা এই কুড়ি কুড়ি বৃষ্টির দিনে সিলেট শহর সাক্ষী থাকলো আরও একবার উল্টো রথের ভক্তিময় আনন্দোৎসবের। এ শুধু রথযাত্রা নয়, এ এক ভক্তির কবিতা, আনন্দের সুর, আর বৃষ্টিভেজা ভালোবাসার দিন।
আজকের সিলেট/এপি
জনি কান্ত শর্মা 








