১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল অদম্য ও অপরাজেয়।
ম্যাচটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি পাওয়ার চেষ্টা চলছে বলে জানান বিসিবির সংশ্লিষ্ট সূত্র। পুরো ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
অদম্য দলের নেতৃত্বে থাকছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অপরাজেয় দলকে মাঠে পরিচালনা করবেন টেস্ট নেতৃত্বে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই নেতৃত্বই দলগুলোকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক ম্যাচের আশা করছেন বলে জানা গেছে।
অদম্যদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দেশের পরিচিত কোচ সোহেল ইসলাম। দলের ম্যানেজারের ভূমিকায় থাকছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ইশতিয়াক সাদেক। দলের মেন্টর হিসেবে থাকবেন সাবেক জাতীয় অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
অপরাজেয় দলের কোচ হিসেবে থাকছেন অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল। দলটির ম্যানেজার শেহজাদ মুনিম, যিনি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সাবেক পরিচালক। দলের মেন্টর হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার তামিম ইকবাল।
অপরাজেয় দলের স্কোয়াড
পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, নাহিদ রানা ও সাকলাইন সজিব।
অদম্য দলের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ, হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








