সিলেট থেকে শুরু ‘রবি বোলার হান্ট ২০২৬’, চূড়ান্ত বাছাই মিরপুরে
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ PM

সিলেট থেকে শুরু ‘রবি বোলার হান্ট ২০২৬’, চূড়ান্ত বাছাই মিরপুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০১:০৩:২৩ PM

সিলেট থেকে শুরু ‘রবি বোলার হান্ট ২০২৬’, চূড়ান্ত বাছাই মিরপুরে


দেশের ক্রিকেটে নতুন পেস প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে আবারও মাঠে গড়াচ্ছে ‘রবি বোলার হান্ট ২০২৬’। রোববার সিলেট থেকে শুরু হচ্ছে এবারের আঞ্চলিক বাছাইপর্ব। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণ পেসারদের ট্রায়ালের মধ্য দিয়ে এগোবে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম।

প্রথম ধাপে সিলেট বিভাগের তরুণ বোলারদের ট্রায়াল অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিযোগীদের সকাল ১১টার মধ্যে ভেন্যুতে রিপোর্ট করতে বলা হয়েছে।

আঞ্চলিক পর্যায়ের বাছাইয়ে যারা নিজেদের প্রতিভার প্রমাণ দিতে পারবেন, তারা পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবেন। দেশব্যাপী আঞ্চলিক ট্রায়াল শেষ হওয়ার পর আগামী ২২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চূড়ান্ত সিলেকশন রাউন্ড। এরপর ২৫ অক্টোবর একই ভেন্যুতে আয়োজন করা হবে আনুষ্ঠানিক পরিচয়পর্ব, যেখানে নির্বাচিত সেরা প্রতিভাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের ‘রবি বোলার হান্ট’।

সিলেটের পর ২৯ সেপ্টেম্বর বরিশাল এবং ১ অক্টোবর খুলনা অঞ্চলের তরুণ বোলারদের বাছাই অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে। ৪ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে রাজশাহী অঞ্চলের প্রতিযোগীদের ট্রায়াল।

এরপর ৬ অক্টোবর রংপুর ক্রিকেট গার্ডেনে রংপুর অঞ্চলের বাছাইপর্ব এবং ৮ অক্টোবর ময়মনসিংহ সার্কিট হাউসে ময়মনসিংহ অঞ্চলের ট্রায়াল অনুষ্ঠিত হবে।

ঢাকা ও আশপাশের অঞ্চলের প্রতিযোগীদের জন্য থাকছে দুটি পৃথক ট্রায়াল। টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের বোলারদের নিয়ে ‘ঢাকা উত্তর-গাজীপুর’ অংশের বাছাই হবে ১০ অক্টোবর পূর্বাচল স্টেডিয়ামে।

অন্যদিকে ঢাকা, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও রাজবাড়ীর প্রতিযোগীদের নিয়ে ‘ঢাকা দক্ষিণ-মিরপুর’ অংশের ট্রায়াল হবে ১২ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আঞ্চলিক বাছাইপর্বের শেষ আয়োজনটি হবে চট্টগ্রামে। ১৫ অক্টোবর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম অঞ্চলের বোলারদের ট্রায়াল অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক পর্যায় থেকে উঠে আসা প্রতিভাবান পেসারদের মধ্য থেকেই চূড়ান্ত পর্বের জন্য সেরা বোলারদের নির্বাচন করা হবে। আয়োজকদের প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্তের নতুন প্রতিভারা এই আয়োজনের মাধ্যমে উঠে এসে ভবিষ্যতে জাতীয় ক্রিকেটে নিজেদের জায়গা করে নেবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর