রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ PM

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১০:৫৬:৩২ AM

রোমাঞ্চকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা


শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। ক্রিজে ছিলেন জস বাটলার। চোটের কারণে একবার মাঠ ছাড়লেও শেষ দিকে আবার ব্যাটিংয়ে ফিরেছিলেন তিনি। তবে প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তাতেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের জয়ের আশা। দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরল শ্রীলঙ্কা।

হেডিংলিতে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৩২১ রান করে শ্রীলঙ্কা। অধিনায়ক কুসাল মেন্ডিস ১০০ বলে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৪ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি তাকে এনে দেয় ম্যাচসেরার পুরস্কার। কামিন্দু মেন্ডিস করেন ৫৬ রান।

৩২২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে ইংল্যান্ড। টম ব্যান্টন ও বেন ডাকেটের উদ্বোধনী জুটিতে আসে ১৪৩ রান। ব্যান্টন ৭৩ ও ডাকেট ৬৭ রান করেন। এরপর জস বাটলার ৬৯ এবং উইল জ্যাকস ৫২ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন।

তবে দুনিথ ওয়েলালাগের স্পিনে ম্যাচের চিত্র বদলে যায়। পরপর তিন ওভারে ডাকেট, ব্যান্টন ও হ্যারি ব্রুককে ফিরিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

চোট নিয়েও শেষদিকে আবার ব্যাটিংয়ে ফেরেন বাটলার। ৪৮তম ওভারে জ্যাকসের ছক্কায় শেষ দুই ওভারে ইংল্যান্ডের দরকার দাঁড়ায় ২০ রান। পরের ওভারে জ্যাকসকে ফেরান ইশান মালিঙ্গা। শেষ ওভারের প্রথম বলেই বাটলারকে ক্যাচে পরিণত করেন দিলশান মাদুশাঙ্কা।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ৩০৫ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে ওয়েলালাগে ৩টি এবং মাদুশাঙ্কা ও মালিঙ্গা নেন ২টি করে উইকেট।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর