মাঠের ক্রিকেটে ব্যাট হাতে বোলারদের শাসন করার পাশাপাশি এবার ব্যবসার মাঠেও বড় ইনিংস খেলতে নামলেন ভারতের ক্রিকেট সুপারস্টার বিরাট কোহলি। দীর্ঘ ৮ বছরের সম্পর্ক চুকিয়ে জনপ্রিয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘পুমা’কে বিদায় জানিয়েছেন তিনি।
পুমার দেওয়া ৩০০ কোটি রুপির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোহলি এবার নিজের লাইফস্টাইল ব্র্যান্ড ‘ওয়ান-এইট’ (one8)-এর প্রসারে গাঁটছড়া বেঁধেছেন নতুন স্পোর্টসওয়্যার স্টার্টআপ ‘এজিলিটাস স্পোর্টস’ (Agilitas Sports)-এর সঙ্গে।
রিপোর্ট অনুযায়ী, এই নতুন অংশীদারিত্বের জন্য কোহলি ব্যক্তিগতভাবে প্রায় ৪০ কোটি রুপি বিনিয়োগ করেছেন। এর ফলে তিনি এজিলিটাসের একজন মাইনরিটি শেয়ারহোল্ডার বা আংশিক মালিকানা লাভ করবেন।
সোমবার সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তায় কোহলি এই নতুন যাত্রার ঘোষণা দেন। তিনি লেখেন, “আজ আমার হৃদয়ের খুব কাছের একটি নতুন খবরের সূচনা হলো। উদ্দেশ্য এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ‘ওয়ান-এইট’ এবং এজিলিটাসের এক নতুন যাত্রা শুরু হলো। ওয়ান-এইট এখন তার নতুন ঘর এজিলিটাসে।”
এজিলিটাস স্পোর্টসের সহ-প্রতিষ্ঠাতা অভিষেক গাঙ্গুলী, যিনি এর আগে পুমার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। তার হাত ধরেই কোহলির এই বড় সিদ্ধান্ত। এ বিষয়ে কোহলি বলেন, ‘যখন অভিষেক আমার কাছে প্রস্তাবটি নিয়ে আসেন এবং এর পেছনের শক্তি, উৎপাদন ক্ষমতা ও দক্ষ জনবলের বিষয়টি আমাকে বোঝান, তখন আমার মনে হয়েছে এটি বড় কিছু হতে পারে। তাই আমি এর অংশ হতে চেয়েছি।’
অভিষেক গাঙ্গুলী নিশ্চিত করেছেন যে, কোহলি এজিলিটাসের একজন অংশীদার হিসেবে থাকবেন। তিনি বলেন, ‘বিরাট ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখানে এসেছেন, তিনি টাকা উশুল করতে আসেননি। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং এজিলিটাসের স্টেকহোল্ডার হিসেবে বড় সম্ভাবনা দেখছেন।’
মাঠের ফর্মেও তুঙ্গে ব্যবসার পাশাপাশি মাঠের ক্রিকেটেও সময়টা স্বপ্নের মতো কাটছে ৩৭ বছর বয়সী কোহলির। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ছিলেন অপ্রতিরোধ্য। তিন ম্যাচে দুটি সেঞ্চুরিসহ ৩০২ রান করে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছেন তিনি।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








