হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামের একজন নিহতের ঘটনায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম এ আদেশ জারি করেন। বুধবার দুপুর পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, সংঘর্ষে আক্রান্ত এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় এ আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এ আদেশের সময়সীমা বর্ধিত করা হতে পারে।
আরও পড়ুন:
শ্রমিকদল-যুবদল নেতার আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুহিন সওদাগর এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ অবস্থায় কুহিন সওদাগরের বাবাকে নিয়ে হান্নান মিয়ার পক্ষের কয়েকজন নেতাকর্মী ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে উভয়ের পক্ষের লোকজন সোমবার রাতে প্রথম দফায় সংঘর্ষে লিপ্ত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করেন।
মঙ্গলবার সকালে ফের উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে কাকাইলছেও গ্রামের ছোরত আলীর ছেলে ব্যবসায়ী রাসেল মিয়া (৪৫) নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট করা হয়।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








