রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়ল বিজিবি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১১/২০২৬ ০৪:৫৪:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়ল বিজিবি


সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিবর্ষণের পর সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের দুই রাউন্ড গুলির পর নিজেদের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। তবে বিজিবির এই পদক্ষেপকে পাল্টা আক্রমণ নয়, বরং সীমান্তে নিরাপত্তা ও সতর্ক অবস্থান নিশ্চিত করার ব্যবস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে বিএসএফের দুই রাউন্ড গুলিবর্ষণের পর সীমান্তে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

বিজিবির মিডিয়া উইংয়ের ওই কর্মকর্তা জানান, সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। এটি কোনো পাল্টা আক্রমণ ছিল না। সীমান্তে সতর্ক অবস্থান বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়।

তবে বিএসএফ কী কারণে দুই রাউন্ড গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই সময় সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো ঘটনা ঘটেছিল কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর