শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০/১০/২০২৬ ০৬:৫০:২২ অপরাহ্ন

সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬ হাজার শিক্ষার্থী


শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’। শুক্রবার (৩০ অক্টোবর) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে নগরীর তিনটি কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার; সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, চৌহাট্টা এবং আল-আমিন জামেয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সিলেট মহানগরের প্রায় ৩৫০টি স্কুল ও মাদ্রাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পরীক্ষাকেন্দ্রগুলো। আয়োজকদের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন আগত শিক্ষক ও অভিভাবকেরা। তাঁরা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত এমন উদ্যোগ নেওয়া হলে পড়ালেখার প্রতি তাদের আগ্রহ ও মনোযোগ আরও বাড়বে।

পরীক্ষা শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মাহবুবে এলাহি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল কালাম আজাদ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপাল কর্নেল অলি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জাহেদুর রহমান চৌধুরী।

এ ছাড়া কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু ও ভাইস চেয়ারম্যান আবু তাহের মোহাম্মদ ফাহিম।

পরীক্ষা চলাকালে আরও উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের পরিচালক মো. আহসান হাবিব, সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌস ও আব্দুল আজিজ, স্কুল প্রতিনিধি রেজাউল করিম, ফাহাদ হোসাইন, শাহাদাত হোসেন নাসিম ও খালিদ হাসান নাহিদসহ অন্যরা।

কেন্দ্র পরিদর্শনকালে অতিথিরা বলেন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মেধা বিকাশে কিশোরকণ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জন এবং বহুমুখী প্রতিভা বিকাশে এ ধরনের মেধাবৃত্তি আয়োজন সহায়ক।

অতিথিরা আরও বলেন, তাঁদের নিজেদের শৈশবেও কিশোরকণ্ঠ পাঠের স্মৃতি রয়েছে। নৈতিকতা ও মানবিক গুণাবলি গড়ে তুলতে কিশোরকণ্ঠের ভূমিকা প্রশংসনীয়। এবারের পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনা করেন তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর