পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েও হেরে গেল বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৩৩ AM

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েও হেরে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৫ ১০:০৯:০১ AM

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েও হেরে গেল বাংলাদেশ


কক্সবাজার একাডেমি মাঠে বড় সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিরিজ এখন ২-২ এ গিয়ে দাঁড়িয়েছে।

আগামীকাল শুক্রবারের লড়াই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

টসে হেরে ব্যাট করতে নেমে সিরিজের সবচেয়ে বড় স্কোর পায় বাংলাদেশ, ৭ উইকেটে ১২৬। শুরুটা ধীরগতির হলেও তিন নম্বরে নেমে দলের ইনিংসটি এগিয়ে নেন অচেনা জান্নাত। ৩৪ বলে ৩৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। মাইমুনা নাহার যোগ করেন ২৪ রান, সুমাইয়া আক্তার সুবর্ণা করেন ২০। শেষ দিকে রান তুললেও পাকিস্তানি বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে আর বড় কিছু করা সম্ভব হয়নি। রোজিনা আকরাম ও মেমুনা খালিদ নেন দুটি করে উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের দিকেই টেনে নেয় পাকিস্তান। ওপেনার ফিজা ফিয়াজ একাই পাল্টে দেন ম্যাচের রং। তার ৩৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস সফরকারীদের জয় সহজ করে তোলে। অপরপ্রান্তে অধিনায়ক ইমা নাসিরও খেলেন দারুণ ইনিংস। তিনি অপরাজিত ৪২ রান করেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৬৯ রান, যার ফলে বাংলাদেশের হাত থেকে ম্যাচটি ফসকে যায়।

১১ বল হাতে রেখে জয়ের দেখা পাওয়া পাকিস্তান সিরিজে ফিরেছে সমতার লড়াইয়ে। এখন সব নজর শুক্রবারের সিরিজ নির্ধারণী ম্যাচে। দুই দলের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি—অপেক্ষা কেবল সেই উত্তেজনাপূর্ণ অঘোষিত ফাইনালের।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর