মহান বিজয় দিবস উপলক্ষে পিছানো হয়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফেডারেশন কাপের ম্যাচ। আগামীকাল মঙ্গলবারের পরিবর্তে ম্যাচটি মাঠে গড়াবে ২৩ ডিসেম্বর কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বসুন্ধরা কিংস ও মোহামেডান ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লাতেই। ওই মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজের আয়োজন থাকায় ম্যাচটি নিয়ে আসা হয় জাতীয় স্টেডিয়ামে। সেখানে আগামীকাল দর্শকবিহীন ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাতে আপত্তি জানায় মোহামেডান।
গতকাল রোববার বাফুফেকে চিঠি দিয়ে মোহামেডান জানায় তাদের সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থাকতে চায়। নিরাপত্তার ইস্যু থাকলে ১৬ ডিসেম্বরের পরিবর্তে অন্যদিন ম্যাচ আয়োজনের দাবিও জানায়।
এরই প্রেক্ষিতে বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আজ কমিটির সদস্যদের সঙ্গে বসুন্ধরা কিংস-মোহামেডান নিয়ে পুনরায় আলোচনায় বসেন। সেখানে অধিকাংশ সদস্য দর্শকবিহীন ম্যাচ আয়োজনে অমত প্রকাশ করেন। যে কারণে আগামীকাল ১৬ ডিসেম্বর বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আর হচ্ছে না।
তবে আগের সূচি অনুযায়ী আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে ফর্টিস এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি। বাফুফে আজ এক সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
'বি' ’ গ্রুপে টেবিলে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে এই প্রতিযোগিতার ১১বারের চ্যাম্পিয়ন মোহামেডান। ফর্টিসের সঙ্গে ১-১ ড্র করে আসা বসুন্ধরা কিংস এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। বসুন্ধরা কিংস এ প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








