হামজার সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ইংলিশ শিশুর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৭ AM

হামজার সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ইংলিশ শিশুর

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯/১২/২০২৫ ১০:৩৯:৪৬ AM

হামজার সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ইংলিশ শিশুর


বড়দিনের আনন্দে লেস্টারে ঘটল এক হৃদয়ছোঁয়া গল্প। পরিবারের সঙ্গে লেস্টার সিটি শপে গিয়ে ক্রিসমাস ট্রিতে নিজের একটি ইচ্ছা ঝুলিয়েছিল ছোট্ট লোলা। সেখানে সে লিখেছিল, একদিন প্রিয় ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে দেখা করতে চায়। শিশুসুলভ সেই ইচ্ছাকেই বাস্তবে রূপ দিল লেস্টার সিটি।

১০-১২ বছর বয়সী লোলার কাছে হামজা চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি অনুপ্রেরণার প্রতীক। বাংলাদেশি বংশোদ্ভূত লেস্টার সিটির অধিনায়ককে কাছ থেকে দেখার স্বপ্নই ছিল তার একমাত্র চাওয়া। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বড়দিনের ঠিক আগে এক বিশেষ সিদ্ধান্ত নেয়।

একদিন কোনো পূর্বঘোষণা ছাড়াই লোলার বাড়ির দরজায় হাজির হন হামজা চৌধুরী। হঠাৎ প্রিয় ফুটবলারকে সামনে দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায় লোলা। আনন্দে তার চোখে-মুখে ফুটে ওঠে অবিশ্বাস আর খুশির মিশ্র অনুভূতি।

এই পুরো ঘটনাটি লেস্টার সিটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে তুলে ধরেছে। সেখানে দেখা যায়, হামজা লোলাকে লেস্টার সিটির একটি জার্সি উপহার দেন এবং তাতে নিজের অটোগ্রাফও দেন। কিছু সময় কাটান লোলার পরিবারের সঙ্গেও।

ভিডিওতে লোলা জানায়, সে হামজার খেলা খুব পছন্দ করে এবং তাকে সম্মান করে। মজার ছলে হামজা যখন নিজের চুল কাটলে লোলা তাকে আর পছন্দ করবে কি না জানতে চান, তখন শিশুটির উত্তর ছিল স্পষ্ট; চুল থাকুক বা না থাকুক, হামজাই তার প্রিয় ফুটবলার।

জার্সিতে কী লিখে দেবেন জানতে চাইলে লোলা বলে, হামজার নামটাই তার কাছে সবচেয়ে বিশেষ। বড়দিনের শুভেচ্ছা লেখাতেও সে আনন্দের সঙ্গে সম্মতি দেয়।

একটি ছোট্ট চিরকুটে লেখা ইচ্ছা যে এমনভাবে পূরণ হতে পারে, সেটাই প্রমাণ করল লেস্টার সিটি ও হামজা চৌধুরীর এই মানবিক উদ্যোগ। বড়দিনের আগে লোলার জন্য এটি হয়ে থাকল জীবনের অন্যতম স্মরণীয় উপহার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর