দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় প্রস্তুত ইমন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৩ AM

দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় প্রস্তুত ইমন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ১০:০৬:২১ AM

দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় প্রস্তুত ইমন


চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে আলোচনায় উঠে এসেছেন পারভেজ হোসেন ইমন। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেললেও ওপেনার ইমনকে নামতে হয়েছে ব্যাটিং অর্ডারের চার নম্বরে। সাম্প্রতিক আয়ারল্যান্ড সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ দলের হয়ে একই পজিশনে খেলেছিলেন তিনি।

বিপিএলেও চার নম্বরে নামায় ইমনকে কি নতুন ভূমিকায় ভাবছে সিলেট এমন প্রশ্ন ওঠে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। জবাবে ইমন পরিষ্কার করেন, নির্দিষ্ট কোনো পজিশনের কথা দল থেকে বলা হয়নি। বরং তিনি জানান, যেকোনো জায়গায় ব্যাট করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনাই পেয়েছেন।

ব্যাটিং অর্ডারে তিন বা চার নম্বরে খেলার প্রস্তুতি প্রসঙ্গে ইমন বলেন, 'এই সুযোগটাকে ইতিবাচকভাবেই দেখছি। ভিন্ন ভিন্ন পজিশনে খেলে নিজেকে মানিয়ে নেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। দলের চাহিদা অনুযায়ী খেলাটাই মূল লক্ষ্য। নিজের স্বাচ্ছন্দ্যও বিবেচনায় রাখার চেষ্টা করছি।'

ওপেনিং না করতে পারলেও নিজের দায়িত্ব ঠিকভাবে পালনের চেষ্টা করেছেন বলেই জানান এই বাঁহাতি ব্যাটার। তিনি বলেন, 'ওপেন করলে বড় ইনিংসের সুযোগ বেশি থাকতে পারে, আবার সেটা নাও হতে পারে। তবে চার নম্বরে নেমে দলের প্রয়োজনে সেরা দেওয়ার চেষ্টা করছি এবং ইনিংসটি ভালোভাবে শেষ করতে পেরে সন্তুষ্ট।'

ব্যাটিংয়ের মানসিকতা নিয়েও কথা বলেন ইমন। পাওয়ার প্লে ও তার পরের ওভারগুলোতে ভিন্ন চিন্তাভাবনা নিয়ে খেলতে হয় বলে জানান তিনি। যদিও ওপেনার হিসেবে ওপেনিংয়েই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও স্বীকার করেন। সব মিলিয়ে দলের প্রয়োজনে যে কোনো ভূমিকায় নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত ইমন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর