মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত এক ট্রাক বালু সাতগাঁও বাজার এলাকায় জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই বালু জব্দ করা হয়।
এ সময় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে অভিযুক্ত মো. মোদাচ্ছির মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের দিকনির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








