সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ডি থ্রি ট্রফির নিলামে ২ কোটি পয়েন্টে তানজিদ, মেহেদীকে ১ কোটি ৫০ লাখে ব্লুস্টার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৬ ১২:২৭:৩৫ অপরাহ্ন

ডি থ্রি ট্রফির নিলামে ২ কোটি পয়েন্টে তানজিদ, মেহেদীকে ১ কোটি ৫০ লাখে ব্লুস্টার


আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে খেলোয়াড়দের নিলাম। পাঁচটি ক্যাটাগরিতে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৮১ জন ক্রিকেটার।

তবে প্রচলিত খেলোয়াড় নিলামের মতো এখানে অর্থ দিয়ে ক্রিকেটার কেনার ব্যবস্থা নেই। ডি থ্রি ট্রফিতে খেলোয়াড় দলে নিতে দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে পয়েন্টের ভিত্তিতে।

নিলামের প্রথম ডাকেই ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দল পেয়েছেন শেখ মেহেদী হাসান। তাঁকে দলে ভিড়িয়েছে ব্লুস্টার। বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে নিয়ে ওয়ালটন ও ফরচুনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ৭৫ লাখ পয়েন্টে তাঁকে দলে নেয় ফরচুন।

ফরচুনের দলে যোগ দিয়েছেন আরও কয়েকজন পরিচিত ক্রিকেটার। ১ কোটি ৬০ লাখ পয়েন্টে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়েছে দলটি। এ ছাড়া ৬০ লাখ পয়েন্টে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে পেয়েছে ফরচুন। তবে বিগ ব্যাশে ব্যস্ত থাকায় ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না রিশাদ।

এখন পর্যন্ত নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার তানজিদ হাসান তামিম। তাঁকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।

অন্যদিকে, বিগ ব্যাশে খেলার অনুমতি পাওয়ায় মুস্তাফিজুর রহমানের জন্য নিলামে দর তুলনামূলক কম ছিল। ৭০ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট।

ডি থ্রি ট্রফিতে অংশ নেবে ছয়টি দল অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার।

নিলামের তালিকায় থাকা ২৮১ ক্রিকেটারের মধ্যে ২৭৫ জনকে নিয়ে নিলাম হচ্ছে। বাকি ছয়জন আইকন ক্রিকেটার হিসেবে আগেই দল পেয়েছেন। তাঁরা হলেন ব্লুস্টারে নুরুল হাসান সোহান, ফরচুনে তাওহীদ হৃদয়, অ্যাকমিতে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেনস ব্যাংকে মোহাম্মদ নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টে মুশফিকুর রহিম এবং ওয়ালটনে মেহেদী হাসান মিরাজ।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর