মৌসুমী কি এবার নির্বাচন করছেন?
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৪ PM

মৌসুমী কি এবার নির্বাচন করছেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১০:৪৯:০৭ AM

মৌসুমী কি এবার নির্বাচন করছেন?


আগামী ২৭ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। ইতোমধ্যে একটি প্যানেলের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় দুই খল অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। প্যানেল গোছাচ্ছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারও।

তারই মাঝে গুঞ্জন, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী এবারও শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন। যদিও তার তরফ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। আসলেই কি নির্বাচন করবেন মৌসুমী? এ ব্যাপারে তিনি কিছু না বললে খবরটি সত্যি না মিথ্যা তা পরিষ্কার করে দিয়েছেন নায়িকার স্বামী ওমর সানী।

এই চিত্রনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, শিল্পী সমিতির এবারের নির্বাচন করছেন না মৌসুমী। ওমর সানী বলেন, ‘আমিও কানাঘুষা শুনেছি, মৌসুমী নাকি এবার নির্বাচনে দাঁড়াবে। তবে এ খবরের কোনো ভিত্তি নেই।’

কারণ হিসেবে ওমর সানী বলেন, ‘আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছরটা মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। তাছাড়া, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছা আমার পরিবারের কারোই নেই। তাই এ ধরণের অনুরোধ আমাকে কেউ করবেন না। সিনেমা দিয়ে মানুষের যেটুকু ভালোবাসা পেয়েছি, নির্বাচন করে তা হারাতে চাই না।’

যদিও শিল্পী সমিতির গত নির্বাচনে অংশ নিয়েছিলেন মৌসুমী। ২২৫ ভোট পেয়ে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে তিনি কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সমিতির কোনো কার্যকলাপে বা অনুষ্ঠানে মৌসুমী বা তার প্যানেলের কাউকেই কখনো দেখা যায়নি।

এবারের নির্বাচনে যথারীতি সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর। তার প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হবেন ডিপজল। অন্যদিকে, নিপুণ আক্তার এবারও সাধারণ সম্পাদক পদে লড়বেন। তবে ইলিয়াস কাঞ্চন নির্বাচন না করায় তিনি রয়েছেন তার প্যানেলের সভাপতি প্রার্থীর খোঁজে।

আজকের সিলেট/বিএন/এসটি

সিলেটজুড়ে


মহানগর