ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সিলেট-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে সিলেট নগরের শিবগঞ্জ এলাকার স্কলার্সহোম কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তার ভালো লেগেছে। দেশের সব কেন্দ্রে এমন পরিবেশ বজায় থাকলে জনগণ উৎসবমুখরভাবে ভোট দেবে এবং বিশ্ব একটি ইতিবাচক বার্তা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তার মতে, এ নির্বাচন দেশের জন্য ঐতিহাসিক হয়ে উঠতে পারে এবং এর মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বিজয়ের বিষয়ে জানতে চাইলে মাওলানা হাবিবুর রহমান বলেন, বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
নির্বাচন ঘিরে কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নে তিনি জানান, এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা দেখছেন না। গত রাতে সিলেটের কয়েকটি কেন্দ্রে যে ঘটনা ঘটেছে বলে আলোচনা রয়েছে, তা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অবজারভার ও এজেন্টদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে সবার প্রতি আহ্বান জানান এবং প্রশাসন ও প্রিসাইডিং কর্মকর্তাদের আন্তরিকতার কথাও উল্লেখ করেন।
২০১৮ সালের রাতের ভোট প্রসঙ্গ টেনে এ বছরও অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সন্দেহ বা ভুল বোঝাবুঝি থেকেই তৈরি হয়েছে। অনেক এজেন্ট আগেভাগে গিয়ে পরিচিত হওয়া বা কার্ড সংগ্রহের চেষ্টা করায় এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।
সারা দেশে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতের এ প্রার্থী।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








