চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে ফুটপাত ব্যবসায়ীরা, চাঁদা না দিতে রাস্তায় মাইকিং
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ AM

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে ফুটপাত ব্যবসায়ীরা, চাঁদা না দিতে রাস্তায় মাইকিং

মো: ফারুক মিয়া

প্রকাশিত: ১৮/০৩/২০২৬ ০৯:৪৪:৫৫ PM

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে ফুটপাত ব্যবসায়ীরা, চাঁদা না দিতে রাস্তায় মাইকিং


নগরীর ফুটপাতে আবারও বসেছেন হকাররা। দীর্ঘদিন ধরে লালদিঘীরপাড় মাঠে অস্থায়ী পুনর্বাসনে ব্যবসা করলেও লোকসানের মুখে পড়ে জীবিকার তাগিদে শেষ তিন দিনের জন্য ফুটপাতে নেমেছেন তারা। একই সঙ্গে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেছেন ফুটপাত ব্যবসায়ীরা।
হকাররা জানান, অস্থায়ী পুনর্বাসনে ব্যবসা করে তারা লাভবান হতে পারেননি। ফলে দুমুঠো ভাতের জন্য বাধ্য হয়ে তারা নগরীর বিভিন্ন সড়কের ফুটপাতে বসে ব্যবসা শুরু করেন। এ লক্ষ্যে টানা তিন দিন সময় নিয়ে তারা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নামেন।

বুধবার রাত আটটায় হকার নেতৃবৃন্দরা ফুটপাতে হেঁটে হেঁটে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালান। এ সময় তারা ঘোষণা দেন—কোনো হকার চাঁদা দেবেন না। কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

হকার নেতারা বলেন, সম্প্রতি কিছু দুষ্কৃতিকারী চাঁদা আদায়ের চেষ্টা করলে ফুটপাত ব্যবসায়ীরা প্রতিবাদে ফুঁসে ওঠেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ রাজনৈতিক নেতা বা সাংবাদিক পরিচয়ে চাঁদা তুলতে এলে তাকে আইনের আওতায় আনা হবে।

এছাড়াও তারা জানান, উন্মুক্ত ফুটপাত ব্যবসায় কোনো ধরনের চাঁদা বা ভাড়া দেওয়া হবে না। কেউ চাঁদা দিলে বা চাঁদাবাজদের সহায়তা করলে সংশ্লিষ্ট হকারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সর্বদলীয় হকার দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর চৌধুরী জীবন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক খোকন ইসলাম, সিলেট মহানগর হকার্স দলের সদস্য সচিব শাহজাহান আহমদ, হকার ঐক্য কল্যাণ পরিষদের নজরুল ইসলাম নজু, সিলেট ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুবেল, সদস্য খলিল আহমদ, ফকির হোসেন, তারেক আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর