সুনামগঞ্জে চোরাই পথে আনা মহিষের হামলা, আহত ৭
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৫ AM

সুনামগঞ্জে চোরাই পথে আনা মহিষের হামলা, আহত ৭

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ১০:২৪:৫৪ AM

সুনামগঞ্জে চোরাই পথে আনা মহিষের হামলা, আহত ৭


সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। ভারত থেকে চোরাই পথে আনা ওই মহিষটি গ্রামে ঢুকে এলোপাতাড়ি ছোটাছুটি করার সময় একপর্যায়ে সাজু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে শিং দিয়ে গুঁতো দেয়। গুরুতর আহত সাজুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও বিজিবির সদস্যরা মহিষটিকে আটক করেন।

আহতদের মধ্যে সাজু মিয়া ছাড়াও একই গ্রামের হযরত আলীর ছেলে নূরু মিয়া ও সরল মিয়া, সাদু শিকদার এবং অহিদ মিয়াসহ আরও দুই-তিনজন রয়েছেন। তাঁদের মধ্যে অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চোরাকারবারিরা সীমান্ত দিয়ে ভারত থেকে মহিষটি ইসলামপুর এলাকায় নিয়ে আসে। পরে মহিষটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গ্রামের বিভিন্ন স্থানে ছোটাছুটি শুরু করে।

একপর্যায়ে মহিষটি সাজু মিয়ার বুকের বাঁ পাশে শিং দিয়ে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে মহিষটি তাঁদের মধ্য থেকেও কয়েকজনকে আক্রমণ করে আহত করে।

খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় পুলিশ ও বিজিবির সদস্যরা। স্থানীয়দের সহায়তায় বিকেল ৩টার দিকে মহিষটিকে আটক করা হয়।

ইসলামপুর গ্রামের ইউপি সদস্য মো. বিল্লাল হোসেন বলেন, সীমান্তের আশপাশ দিয়ে ভারত থেকে মহিষটি আনা হয়ে থাকতে পারে। তবে এটি কারা এনেছে, তা এখনো জানা যায়নি। বর্তমানে মহিষটি মালিকবিহীন অবস্থায় তাঁর জিম্মায় রয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির হোসেন বলেন, সীমান্ত পেরিয়ে চোরাই পথে আনা মহিষটি পাগলাটে প্রকৃতির হওয়ায় ছোটাছুটি করে সাত-আটজনকে আহত করেছে। গুরুতর আহত একজনকে সিলেটে পাঠানো হয়েছে। মহিষটি আটক করে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর