নগরীতে অপরাধ দমনে এসএমপির বিশেষ অভিযান, নজর কিশোর গ্যাংয়ে
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ PM

নগরীতে অপরাধ দমনে এসএমপির বিশেষ অভিযান, নজর কিশোর গ্যাংয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১১:৪১:২১ AM

নগরীতে অপরাধ দমনে এসএমপির বিশেষ অভিযান, নজর কিশোর গ্যাংয়ে


সিলেট নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযানে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতাও নজরদারির আওতায় আনা হয়েছে। রাতে অকারণে নগরের গলি, মোড় কিংবা সড়কে কিশোরদের আড্ডা দেখলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এসএমপি সূত্র জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।

রোববার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টায় অভিযানে নিয়োজিত বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, অভিযানে নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের পাশাপাশি মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের ওপর বিশেষ নজর রাখা হবে। একই সঙ্গে বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালনের জন্য পুলিশের পৃথক টিম থাকবে। প্রতিটি টিমে প্রায় ১০ জন করে সদস্য থাকবেন। অভিযানের সময় সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে যত ছিনতাই বা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে তার বেশিরভাগের সাথে কিশোর এবং তাদের থেকে একটু বেশি বয়সী তরুণরা জড়িত। সারাধারণ জনগন-পথচারী যাতে রাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, যাতে কোন চুরি ছিনতাই না ঘটে এজন্য আজকে থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। আজকে থেকে প্রতিদিন এ অভিযান চলবে।

তিনি বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, যাদের রাস্তাঘাটে কোন কাজ নেই, তারা যেনো রাতে অকারণে অলিতে-গলিতে বা মোড়ে খারাপ ছেলেদের সাথে আড্ডা না দেয়। এমনটি করলে পুলিশ ব্যবস্থা নেবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর