বিয়ানীবাজারে ব্যাংকের ভেতরে অভিনব কৌশলে এক নারীর কাছ থেকে ৮৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
সোমবার দুপুরে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিয়ানীবাজার শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ৪০ বছর বয়সী এক নারী ওই ব্যাংক থেকে ৮৬ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর তিনি ব্যাংকের ভেতরেই বসে সেগুলো গণনা করছিলেন।
এ সময় প্রতারক চক্রের এক সদস্য তার কাছে এসে টাকার মধ্যে জাল নোট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে। এরপর সে কৌশলে টাকাগুলো আবার গুনে দেওয়ার প্রস্তাব দেয় এবং ভুক্তভোগীর আস্থা অর্জন করে।
সরল বিশ্বাসে ওই নারী টাকার বান্ডিল তার হাতে তুলে দিলে, মুহূর্তের মধ্যে প্রতারক চক্রটি কৌশলে আসল টাকার পরিবর্তে জাল নোটের একটি বান্ডিল ধরিয়ে দিয়ে আসল ৮৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারী হতবাক হয়ে পড়েন। এ ঘটনায় ব্যাংকের ভেতরেই তিনি কান্নায় ভেঙে পড়েন বলে জানা গেছে। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার কিছু অংশ ধরা পড়েছে।
ভুক্তভোগী নারী বিয়ানীবাজার উপজেলার একটি এলাকার বাসিন্দা হলেও তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল আজিম বলেন, ঘটনাটি দুঃখজনক। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
বিয়ানীবাজার প্রতিনিধি 








