বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

এলপিজি নিয়ে বাজার কারসাজি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০২:০৬:০০ অপরাহ্ন

এলপিজি নিয়ে বাজার কারসাজি করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী


এলপিজি সরবরাহে ঘাটতি তৈরি করা, বাজার কারসাজি কিংবা জনস্বার্থবিরোধী পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, অত্যাবশ্যকীয় এই পণ্যকে কেন্দ্র করে দেশকে জিম্মি করার কোনো চেষ্টা সরকার মেনে নেবে না। বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, এলপিজির সরবরাহ ও ব্যবসার সঙ্গে যুক্ত কেউ বাজারব্যবস্থার অপব্যবহার বা বাজার কারসাজির চেষ্টা করলে সরকার তা কঠোর হাতে দমন করবে। কারণ, এই পণ্যের সঙ্গে লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত।

এলপিজি সংকটের সমাধান কবে নাগাদ হতে পারে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এলপিজি বাংলাদেশের নিজস্ব উৎপাদিত পণ্য নয়; এটি আমদানিনির্ভর। দেশের বেসরকারি খাতের আমদানিকারকেরা সাধারণত যেসব উৎস থেকে এলপিজি আমদানি করেন, সেসব অঞ্চলে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে তাঁদের বিকল্প উৎসও খুঁজতে হচ্ছে।

দীর্ঘমেয়াদে সরবরাহে ঘাটতি এড়ানো, বাজার স্থিতিশীল রাখা এবং আগামী বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যাপ্ত এলপিজি সরবরাহ নিশ্চিত করার কৌশল নির্ধারণে বুধবারের বৈঠক হয়েছে বলে জানান খন্দকার আব্দুল মুক্তাদির।

এদিকে, এলপিজি ডিলারদের ধর্মঘটের হুমকির বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, খুচরা বিক্রেতাদের জানানো হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাঁদের সঙ্গে বৈঠক করছে। কমিশনের সঙ্গে তাঁদের বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। তবে অত্যাবশ্যকীয় পণ্যকে কেন্দ্র করে দেশকে জিম্মি করার চেষ্টা বরদাশত করা হবে না।

মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়। ডিলাররা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে চলতি সপ্তাহের শেষ দুই দিন ধর্মঘটের হুমকি দিয়েছেন। এ পরিস্থিতিতে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠকে বর্তমান ও আগামী বছরের সরবরাহ স্থিতিশীল রাখার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তবে কৌশলটির বিস্তারিত জানানোর সময় এখনো আসেনি।

বাণিজ্যমন্ত্রীর ভাষ্য, ব্যবসায় লাভ-লোকসান কিংবা কমিশনের কমবেশি নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। তবে এ ধরনের বাণিজ্যিক বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের কথা ধৈর্যসহকারে শুনতে এবং তাঁদের সমস্যার সমাধানে প্রস্তুত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর