সুনামগঞ্জের দিরাই উপজেলায় একসঙ্গে বিষপান করে জীবনাবসান ঘটিয়েছেন নবদম্পতি মনিকা বেগম (১৮) ও মাহফুজ (১৯)।
রোববার দুপুরে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা এই তরুণ-তরুণী প্রেমের সম্পর্কের পর সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর প্রথমদিকে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও সম্প্রতি পারিবারিক ও ব্যক্তিগত বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
রোববার দুপুরে হঠাৎ করেই তারা দুজন একসঙ্গে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনিকা বেগমকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুরুতর অবস্থায় মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। তবে সিলেটে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
এ বিষয়ে রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার জানান, স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন বলে শুনেছেন, তবে তারা হাসপাতালে নিয়ে যাওয়ায় ঘটনাস্থলে যাওয়া হয়নি।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








