শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সিলেটে কলার সরবরাহ বাড়লেও কমছে না দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৯:৪৭:৫৬ পূর্বাহ্ন

সিলেটে কলার সরবরাহ বাড়লেও কমছে না দাম


সিলেটের বাজারে বেড়েছে কলার সরবরাহ। বড় বাজার থেকে শুরু করে রাস্তার পাশের দোকান সবখানেই সাজিয়ে রাখা হয়েছে নানা জাতের কলা। তবে বাজারে কলার পরিমাণ বাড়লেও দামে তার প্রভাব পড়েনি। মানভেদে প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। কোথাও কোথাও এর চেয়েও বেশি দাম চাইছেন বিক্রেতারা। বুধবার (১৪ অক্টোবর) সিলেটের আম্বরখানা, মদিনা মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতাদের ভাষ্য, আড়ত থেকে কলা কেনার দামে উল্লেখযোগ্য পরিবর্তন না আসায় খুচরা বাজারেও দাম কমানো যাচ্ছে না। যদিও কলা উৎপাদনকারী জেলাগুলোতে দাম তুলনামূলক কম বলে জানিয়েছেন তাঁরা।

মদিনা মার্কেট এলাকায় কলা কিনতে আসা শুভ আহমেদ বলেন, বাজারে এখন আগের তুলনায় বেশি কলা পাওয়া যাচ্ছে। প্রায় সব ধরনের কলাই রয়েছে। কিন্তু সরবরাহ বাড়লেও দাম কমছে না।

একই বাজারের ক্রেতা শহীদ শেখ বলেন, বাসার শিশু থেকে বয়স্ক সব বয়সের মানুষের কাছেই কলা পছন্দের ফল। তাই দুদিন পরপরই পরিবারের জন্য কলা কিনতে হয়। কিন্তু দাম বেশি থাকায় চাহিদা অনুযায়ী কেনা সম্ভব হয় না।

তিনি বলেন, বাজারে কলার সরবরাহ বাড়লে দাম কমার কথা। কিন্তু বাস্তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে। বেশি দাম দিয়েই কলা কিনতে হচ্ছে।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, বাজারে কলার উপস্থিতি বেশি হলেও তাঁদের কেনা দামে তেমন কোনো পরিবর্তন নেই। আড়ত থেকে কেনার খরচের পাশাপাশি পরিবহন ও অন্যান্য ব্যয় হিসাব করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে হয়।

বিক্রেতা রফিক মিয়া বলেন, ‘বাজারে কলা আছে, এটা ঠিক। কিন্তু আমাদের আড়ত থেকেই বাড়তি দামে কিনে আনতে হচ্ছে। যে কারণে কম দামে বিক্রি করা খুবই কঠিন হয়ে পড়ছে।’

আম্বরখানা এলাকার কলা বিক্রেতা মাহমুদ হোসেনও একই কথা জানান। তিনি বলেন, ‘আড়ত থেকেই বেশি দামে কলা কিনতে হচ্ছে। আমরা খুচরা ব্যবসায়ী কম দামে বিক্রি করলে লোকসান গুনতে হবে।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর