বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দুর্গাপূজায় সিসিকের বিশেষ প্রস্তুতি, পাঁচ দিন দায়িত্বে থাকবেন কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/১০/২০২৬ ০৮:০৮:১২ অপরাহ্ন

দুর্গাপূজায় সিসিকের বিশেষ প্রস্তুতি, পাঁচ দিন দায়িত্বে থাকবেন কর্মকর্তা-কর্মচারীরা


সিলেট নগরের ৮৫টি সর্বজনীন পূজামণ্ডপে পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, পানি ও বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে টানা পাঁচ দিন দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ সুরমার মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে কুমারী পূজার প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সব সম্প্রদায়ের পাশে রয়েছে সিটি করপোরেশন। দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে নগরের পূজামণ্ডপগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। পূজার সময় বর্জ্য ব্যবস্থাপনা, পানি ও বিদ্যুৎ সরবরাহসহ প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পূজা শেষ হওয়ার পরও প্রয়োজন অনুযায়ী পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

মহালক্ষ্মী মন্দিরে কুমারী পূজাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়টি উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এ আয়োজন ঘিরে নিরাপত্তা, মন্দিরের পরিচ্ছন্নতা এবং আশপাশের এলাকার ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিসিক প্রশাসক জানান, নগরের সর্বজনীন পূজামণ্ডপের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আয়োজিত পূজার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় কাজ করা হচ্ছে। তিনি নিজেও বিভিন্ন মন্দিরে গিয়ে প্রস্তুতি পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

কোনো পূজামণ্ডপে সমস্যা দেখা দিলে আয়োজকদের দ্রুত সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, হটলাইনের পাশাপাশি প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা যাবে। পূজার সময় সিসিকের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

ধর্মীয় উৎসবকে সবার উৎসব হিসেবে উল্লেখ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ধর্ম বা পরিচয়ের ভেদাভেদ না করে নগরবাসীকে সেবা দেওয়া সিটি করপোরেশনের দায়িত্ব। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনে আয়োজক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

প্রস্তুতি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, মহালক্ষ্মী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দ্ধন চক্রবর্তী মিন্টু, সহসভাপতি নারায়ণ চক্রবর্তী, চন্দন দাস ও মিন্টু দাস, কোষাধ্যক্ষ সঞ্জিত কর এবং উপদেষ্টা অধ্যাপক প্রতাপ চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নন্দন পাল, আন্তর্জাতিক সম্পাদক মনোজ তালুকদার, লাভলু দেব, নান্টু দাস, অহিভূষণ দেব, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সালাম, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গৌছ উদ্দিন পাপ্পু, শুভংকর দাস, নিরু দেব এবং সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর