আটকে গেছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫০ AM

আটকে গেছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৯:৪৭:১৯ AM

আটকে গেছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’


অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত আলোচিত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন হাসান জাহাঙ্গীর।

অভিযোগ ও সিনেমার মুক্তি বাতিল প্রসঙ্গে মাসুমা রহমান তানি বলেছেন, ‘শুরুতে চলচ্চিত্রটিকে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। সে সময় এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে জেবা জান্নাত লিখিত অভিযোগ করেন যে, তার সঙ্গে কাজটির জন্য নাটক হিসেবে চুক্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি নেওয়া হলে তিনি আপত্তি জানান। সিনেমার জন্য তার সঙ্গে কোনো চুক্তি হয়নি। সেই কারণেই মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।’

তবে এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সিনেমার নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তিনি হাইকোর্টে রিট করবেন জানিয়ে বলছেন, ‘আমার সিনেমা এরইমধ্যে ৫০ টির বেশি সিনেমা হলে বুকিং দিয়েছি। সিনেমার জন্য হল মালিকরা আগ্রহ দেখাচ্ছেন, এমন সময়ে সিনেমার মুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া মোটেও ভালো সিদ্ধান্ত হতে পারে না। আমি এখন পর্যন্ত কোনো কাগজ পাইনি। মুক্তি বাতিলের কাগজ হাতে পেলে আমি হাইকোর্টে যাব।’

তিনি আরও বলেন, ‘একজন অভিনেত্রীর অভিযোগের প্রেক্ষিতে যে কি না কোনো শিল্পী সংঘের সদস্যও না তার দাবির প্রেক্ষিতে একটি সিনেমার মুক্তি আটকে যাবে এ কেমন কথা? দেশে কি কোনো আইন কানুন নেই?’।

এর আগে একই প্রকল্প নিয়ে আপত্তি তুলেছিলেন অভিনেত্রী মৌসুমী। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে এক ঘণ্টার নাটক হিসেবে কাজটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পরে সেটিকে টেলিফিল্ম করার কথা বলা হলেও সম্প্রতি তিনি জানতে পারেন, এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর