বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’-তে প্রথমবার একসঙ্গে অংশ নিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন। অনুষ্ঠানে তাদের পরিবেশনায় থাকছে কালজয়ী দুটি গান।
জানা গেছে, এ আয়োজনে রুনা লায়লা গেয়েছেন তুমুল জনপ্রিয় প্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’। অন্যদিকে বেবী নাজনীনের কণ্ঠে থাকছে ‘কাল সারারাত’ গানটি।
আয়োজকদের কথায়, বর্ণাঢ্য আয়োজনে নির্মিত ‘আনন্দমেলা’ যুগ যুগ ধরে দর্শক প্রত্যাশা পূরণ করে যাচ্ছে। তাই এ ম্যাগাজিন অনুষ্ঠানের প্রতিটি পর্ব ব্যতিক্রমী ও নতুন সব আয়োজন নিয়ে সাজানোর চেষ্টা করা হয়। এর আগে রুনা লায়লা ও বেবী নাজনীন দুজনই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিন্তু এই ম্যাগাজিন অনুষ্ঠানের কোনো পর্বে তাদের একসঙ্গে দেখা মিলতে যাচ্ছে এই প্রথম।
রুনা লায়লার কথায়, উৎসবকে ঘিরে নির্মিত প্রতিটি অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। আর সে কথা মাথায় রেখে অসংখ্য শ্রোতার প্রিয় একটি গান নতুন করে গাওয়া; যা অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে তার বিশ্বাস।
বেবী নাজনীন বলেন, যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুনতে থাকে, সেখানে নিজের সেরা কাজটি তুলে ধরলেই নয়। তাই ‘আনন্দমেলা’র জন্য ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়া। কারণ এই গানের আবেদন, সৃষ্টির এত বছর পরও এতটুকু ম্লান হয়নি।
আয়োজকরা আরও জানান, ‘আনন্দমেলা’য় রুনা লায়লা ও বেবী নাজনীনের গানের পাশাপাশি থাকছে নৃত্য, নাট্যাংশসহ নানা রকম আয়োজন।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








