টানা বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৬ PM

টানা বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৩:৪০:১৫ PM

টানা বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে

ফাইল ছবি


সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে সুরমা-কুশিয়ারাসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। 

সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নদ-নদীর পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সোমবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত জেলার সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পিয়াইন ও লোভা নদীর সব পর্যবেক্ষণ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, রোববার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আরও ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায়ও সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই প্রবণতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এর আগে রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর