হবিগঞ্জ ও মৌলভীবাজারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে প্রায় ৭১ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, ৩৬ কেজি গাঁজা, মদ ও আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় দুটি যানবাহনসহ দুজনকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাতে অভিযানের তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল।
সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে সড়কের পাশে সন্দেহজনক অবস্থায় একটি কাভার্ডভ্যান দেখতে পেয়ে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও কাভার্ডভ্যানের আনুমানিক মূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে, শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির একটি টহলদল।
সীমান্ত পিলার থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশাসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার লালটিলা গ্রামের শ্রী জীবন চাষা (২৫) এবং সিন্দুরখান গ্রামের রাজন কয়েরী (৩৫)।
এ ছাড়া ৫৫ বিজিবির অধীন চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল শনিবার সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিষয়ে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস
হবিগঞ্জ প্রতিনিধি 








