শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৬ PM

শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৪:৩৮:১৫ PM

শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে


২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রোববার সকালে তিনি বিয়ানীবাজার পৌর শহরের ফতেহপুর কবরস্থানে গিয়ে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে ডা. শফিকুর রহমান তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুরসহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

জিয়ারত শেষে তিনি বলেন, শহীদ সাংবাদিক তুরাবদের রক্তের বিনিময়েই আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, শহীদ হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর হত্যার বিচার কার্যক্রম শুরু হয়নি। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে তুরাবের মতো সাহসী সাংবাদিক আর তৈরি হবে না। তিনি দ্রুত বিচারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, উপজেলা আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর আমীর জমির হোসাইন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, সেক্রেটারি ছাদ উদ্দিন এবং উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রুকন উদ্দিন।

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতের আগে ডা. শফিকুর রহমান তাঁর মরহুম শ্বশুর ডা. আজিজুর রহমানসহ ফতেহপুর কবরস্থানে শায়িত অন্যান্য মরহুমদের কবর জিয়ারত ও দোয়া করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর