আল্লাহর রহমত লাভে সুন্নাতী জীবন কাম্য
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২১ AM

চলে যাচ্ছে রহমতের দশক

আল্লাহর রহমত লাভে সুন্নাতী জীবন কাম্য

শাহিদ হাতিমী

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ০৩:৩২:৪৭ AM

আল্লাহর রহমত লাভে সুন্নাতী জীবন কাম্য


রহমতের দশক শেষের পথে। আজ ৯ রামজান। এগিয়ে আসছে মাগফিরাতের দশক। রামজানে ইবাদতের প্রতি যে আমেজ, দরদ এবং স্বাদ অনুভূত হয় তা অন্য মাসে হয় না! ক্যালেন্ডার অতিক্রম করছে ২০২৪ সাল। আলহামদুলিল্লাহ, বিশ্বময় মুমিনসমাজে রোজার সুঘ্রাণ মোহিত করছে। অনেকে মনে করেন শুধু উপবাস করলে রোজা পালন হয়ে যায়, বিষয়টি এমন নয়! সারাদিন আমরা রোজা পালন করলে একটি ফরজ আদায় হয়, আর পাঁচওয়াক্ত নামাজ আদায়ে ৫টি ফরজ সম্পন্ন করা হয়। আসুন শুধু ফরজ রোজা নয়, সময়মতো ফরজ-ওয়াজিব সুন্নাত নামাজগুলোও যথাযথভাবে আদায়ে সচেষ্ট হই। রামজান ইবাদত-বন্দেগি ও আমলের মাস। আল্লাহ তাআলার পক্ষ হতে পবিত্র এই মাস মানবজাতির জন্য বিশেষ নিয়ামত ও অনুকম্পা।

শেষ হচ্ছে রামজানের প্রথম পর্ব তথা রহমতের দশক। এই মাসে মুসলিম উম্মাহ অন্য মাসের তুলনায় বহু বেশি আল্লাহমুখী হন। আমলে নিমগ্ন হয়ে থাকেন। এ মাসেই বছরের শ্রেষ্ঠ রাত রয়েছে। ফলে এ মাসের গুরুত্ব কত বেশি বলার অপেক্ষা রাখে না।

রহমতের দশকের নবম দিন আজ। রহমতের দশকের শেষ দিকে মহান আল্লাহ তাআলার কাছে তার অফুরন্ত রহমত কামনা করা প্রত্যেক মুমিন রোজাদারের একান্ত করণীয় কাজ। কারণ যে বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমত নাজিল হবে; ওই বান্দাই সঠিক পথের সন্ধান পবে। আল্লাহ তাআলার রহমত পেতে এবং সঠিক পথের সন্ধান লাভে সুন্নাত মোতাবেক জীবন যাপন করা দরকার।

আমরা দোয়া করি, হে আল্লাহ, আজকের দিনে আপনি আমাকে আপনার প্রশস্ত রহমতের অধিকারী করুন। আমাকে পরিচালিত করুন আপনার উজ্জ্বল প্রমাণের দিকে। হে আগ্রহীদের লক্ষ্যস্থল! আপনার ভালোবাসা ও মহব্বতের উসিলায় আমাকে আপনার পূর্ণাঙ্গ সন্তুষ্টির দিকে নিয়ে যান।’

রামজানে পাপমুক্ত থাকার প্রশিক্ষণ নেয়ার পূর্বশর্ত হিসেবে পাপের কুফল ও পরিণতি সম্পর্কে সচেতন হওয়া জরুরি। কোনো কোনো পাপ দোয়া কবুল হবার পথে বাধা হয়ে দাঁড়ায়। যেমন-বিকৃত ঈমান পোষণ, দোয়া কবুল হবার ব্যাপারে অবিশ্বাস, ভাইয়ের প্রতি মোনাফেকি, সময়মত নামাজ না পড়া এবং পিতা-মাতার প্রতি দায়িত্ব পালন না করা। কোনো কোনো পাপ দূর্ভাগ্য বা কষ্ট ডেকে আনে। যেমন- যারা কষ্টে আছে তাদের সাহায্য না করা, নির্যাতিত ব্যক্তি, যারা সাহায্য প্রার্থনা করছে, তাদের রক্ষার জন্যে অগ্রসর না হওয়া এবং সৎকাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধের বিরোধিতা করা। কোনো কোনো গোনাহ আশাকে বিনষ্ট করে দেয়। 

যেমন- আল্লাহর অনুগ্রহের ব্যাপারে নিরাশ হওয়া, আল্লাহর ক্ষমাশীলতায় আস্থা না রাখা, আল্লাহর পাশাপাশি অন্য কারো ওপর ভরসা করা এবং আল্লাহর প্রতিশ্রæতিতে অবিশ্বাস করা। পাপমুক্ত জীবন গঠনে এসব কুফল থেকে বিরত থকতে হবে। (চলবে)

লেখক : জৈষ্ঠ সহ সম্পাদক, আজকের সিলেট ডটকম।

সিলেটজুড়ে


মহানগর