সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীসহ একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা মিতালী আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতি ও ১৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বাসিন্দারা অংশ নিয়ে নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে বুধবার সকালে নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে ছিলেন স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মী।
পুলিশ জানায়, সকালে ওই বাসার ভেতরে তিনটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর ঘাতকরা বাসার বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় গৃহকর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে বাবুল মিয়া নামে একজনকে বুধবার বিকেল ৩টার দিকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, একটি আবাসিক এলাকায় একই পরিবারের তিনজনকে এভাবে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
আজকের সিলেট/এপি









