চুনারুঘাটের সাতছড়িতে মাটির নিচে ৬ পিস্তল, ২২ রাউন্ড গুলি উদ্ধার
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪৩ PM

চুনারুঘাটের সাতছড়িতে মাটির নিচে ৬ পিস্তল, ২২ রাউন্ড গুলি উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৮/২০২৬ ০২:০১:৫৬ PM

চুনারুঘাটের সাতছড়িতে মাটির নিচে ৬ পিস্তল, ২২ রাউন্ড গুলি উদ্ধার


হবিগঞ্জের চুনারুঘাটে অভিযানন পরিচালনা করে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বিজিবি।


৫৫ বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসব অস্ত্র কারা সেখানে রেখেছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। অস্ত্রগুলো লুকিয়ে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি আরও জানায়, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও অবৈধ সামগ্রী আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, দুই হাজার ৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ ও ২১টি গরু।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, উদ্ধার করা অস্ত্রগুলোর প্রায় সবগুলোই আমেরিকা ও ইতালিসহ বিভিন্ন দেশের তৈরি। এগুলো ডাকাতির উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর