মনসা পূজাকে ঘিরে উৎসবের আমেজ, সরগরম সিলেটের বন্দরবাজার
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ PM

মনসা পূজাকে ঘিরে উৎসবের আমেজ, সরগরম সিলেটের বন্দরবাজার

জনি কান্ত শর্মা

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ১১:০৯:২৩ AM

মনসা পূজাকে ঘিরে উৎসবের আমেজ, সরগরম সিলেটের বন্দরবাজার

বন্দর বাজারে মনসা পূজাকে সামনে রেখে প্রতিমার বেচাকেনায় ব্যস্ত বিক্রেতারা।


আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মনসা পূজার। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলা শ্রাবণ মাসের সংক্রান্তিতে বা আষাঢ় ও শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে (নাগপঞ্চমী) ঘরে ঘরে অনুষ্ঠিত হবে দেবী মনসার আরাধনা। মনসা পূজাকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সিলেট নগরজুড়ে।

নগরীর ব্যস্ততম বন্দরবাজারে এখন যেন উৎসবের আগাম বার্তা। সারি সারি দোকানে সাজানো হয়েছে দেবী মনসার প্রতিমা, পূজার নানা উপকরণ ও উপাচার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাদের ভিড়। কেউ পছন্দের প্রতিমা কিনছেন, কেউবা পূজার প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে ব্যস্ত। বিক্রেতাদের মুখেও ফুটে উঠছে উৎসবের প্রাণচাঞ্চল্য। এবার আটশত টাকা থেকে এক হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মনসার প্রতিমা।

মনসার প্রতিমা কিনতে আসা বাবলু নামে একজন বলেন, প্রতিবারের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি। তবে এবার প্রতিমা অনেকটা সুন্দর ও অষ্ট নাগের সঙ্গে মা মনসার প্রতিমা পাওয়া যাচ্ছে।

বন্দরবাজারের প্রতিমা বিক্রেতারা বলছেন, মাটি ও রঙসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় এবার মূর্তির দাম কিছুটা বেশি।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী মনসা হলেন সর্পদেবী। তাঁকে আরাধনা করলে বিষধর সাপের ভয় ও অনিষ্ট থেকে পরিবার-পরিজন সুরক্ষিত থাকে, এমন বিশ্বাস যুগ যুগ ধরে চলে আসছে। দেবীর প্রতিমাতেও সেই বিশ্বাসের প্রতিফলন দেখা যায়। সারা দেহে অলংকারের মতো জড়িয়ে থাকে নানা আকৃতির সাপ।

দেবী মনসার মাহাত্ম্য ও নানা কীর্তি বর্ণিত হয়েছে মনসা পুঁথি বা পদ্মপুরাণে। মনসা পূজাকে সামনে রেখে প্রায় এক মাস ধরে চলে এই পুঁথি পাঠের আয়োজন। সাধারণত ১০ থেকে ১৫ জনের একটি দল গানের সুরে সুরে পুঁথি পাঠ করেন। গ্রামবাংলার উঠান থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থানেও বসে এমন আসর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মনসা পূজার আগে পুঁথি পাঠ সম্পন্ন করার রয়েছে বিশেষ তাৎপর্য।

পূজার দিন ভক্তরা দেবী মনসার উদ্দেশ্যে দুধ, কলা ও বিভিন্ন ফলমূল নিবেদন করেন। প্রার্থনা, অঞ্জলি ও ভক্তির আবেশে মুখর হয়ে ওঠে পূজামণ্ডপ। শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ।

শ্রাবণের শেষ প্রহরে মনসা পূজাকে ঘিরে তাই সিলেটের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন প্রস্তুতির ব্যস্ততা। ধর্মীয় আচার, লোকজ ঐতিহ্য আর ভক্তির মেলবন্ধনে মঙ্গলবারের পূজা হয়ে উঠবে সম্প্রীতি ও উৎসবের এক অনন্য আয়োজন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর