অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ PM

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৭:৫৪:২৩ PM

অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন


অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবীতে সিলেট নগরীর মেজরটিলা বাজারে মানববন্ধন করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর ৩৫ নম্বর ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে ৭টি  ক্লাবের সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় তারা তারা তীব্র লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।

মানববন্ধনে বক্তারা বলেন , তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। পাশাপাশি অনেক গ্রাহককে অতিরিক্ত ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের ভোগান্তিও পোহাতে হচ্ছে। এসব বিষয়ে নিকটস্থ বিদ্যুৎ অফিসে বারবার অবগত করেও তারা কাঙ্ক্ষিত সমাধান পাননি।বরঞ্চ বিদ্যুৎ বিভাগ নিয়মমাফিক বিদ্যুৎ সরবরাহ না করে প্রতিনিয়ত টালবাহানা করছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবার রাতেও নিয়মিত বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিদ্যুতের অপেক্ষায় অনেককে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে বলেও জানান তারা।

দ্রুত লোডশেডিং পরিস্থিতির সমাধান এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারী সামাজিক সংস্থা ও যুব সমাজের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সড়ক অবরোধসহ বিদ্যুৎ অফিস অভিমুখে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনের পূর্বে একটি বিক্ষোভ মিছিল সিলেট তামাবিল সড়ক ও বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উপদেষ্টা ও রেনেসাঁ যুব সংঘের সভাপতি রেজাউল ইসলাম রনির সভাপতিত্বে এবং চামেলি যুব সংঘের ফরহাদুজ্জামান ফরহাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপদেষ্টা,৩৫ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ  ও  চামেলীবাগ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি  শরিফ উদ্দিন নোমান,প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি মো জাহির হুসাইন আরিফ,৩৫নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদের উপদেষ্টা ও বাঘমারা আলোর দিশারী যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

এর আগে গত শুক্রবার নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের ক্লাব সমন্বয় কমিটির উদ্যোগে কয়েকটি এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা একযোগে সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৫-এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ (বিউবো), সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. রাজু আহমেদ রিপন জানান, জাতীয় গ্রিডে সংকটের কারণে অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। তার এলাকায় বিদ্যুতের চাহিদার তুলনায় অনেক কম মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর