সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাতটায় ‘অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে’ এ শপথ হবে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এই হলটিতে এর আগেও বহু রাষ্ট্রপতির শপথ ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করবেন। এরপর ৬টা ৫০ মিনিটে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরবার হলে প্রবেশ করবেন।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।
দীর্ঘ ৩৫ বছর পর দেশে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এতে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়।
নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








