মির্জা ফখরুলের আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ AM

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৯/২০২৬ ০৯:৩৮:৫৭ AM

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর


রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার (১২ সেপ্টম্বর) রাতে এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ওই বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটিতে নতুন চার সদস্য মনোনিত হওয়ার পর এটি ছিল কমিটির প্রথম বৈঠক।

রুহুল কবির রিজভী জানান, মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১৫ সেপ্টেম্বর পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করতে পারবেন। ১৬ সেপ্টেম্বরের মধ্যে সেই ফরম জমা দিতে হবে। এরপর ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ড (জাতীয় স্থায়ী কমিটি) মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে। সেখানেই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৯ অক্টোবর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর হবে মনোনয়নপত্র বাছাই। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আসনটিতে এবার ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সংখ্যা ছিল ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। অর্থাৎ এবার ভোটার বেড়েছে ৮ হাজার ৩২২ জন।

উপনির্বাচনের দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি—এই তিনজন।

এবারের নির্বাচনেও আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। গত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিদেশে অবস্থানরত ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে নিবন্ধিত হয়েছিলেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল সৌদি আরব থেকে।

ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ে নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ছিলেন ২ হাজার ৭৩৫ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

এর পরদিন ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার দিন থেকেই ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর