প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ PM

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৬ ০৯:২০:৫১ AM

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী


মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেও চাকরি নিয়ে অনিশ্চয়তায় ছিলেন আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন। নওগাঁর অজপাড়া গাঁয়ের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই তরুণের চাকরির সেই অপেক্ষার অবসান হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম তার হাতে এই নিয়োগপত্র তুলে দেন।

শাকিল হোসেন নওগাঁর প্রত্যন্ত একটি গ্রামের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। আজন্ম দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও পড়াশোনায় থেমে থাকেননি তিনি। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করেন। এরপর চাকরির আশায় বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতে থাকেন। তবে দৃষ্টিহীনতার কারণে চাকরি পাওয়ার ক্ষেত্রে নানা অনিশ্চয়তার মুখে পড়েন তিনি।

শাকিলের চাকরি না পাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি তার উপদেষ্টা রুহুল কবির রিজভীকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সহায়তায় শাকিলের চাকরির ব্যবস্থা করেন।

নিয়োগপত্র হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মো. জাহিদুল ইসলাম ধলু, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ সদর-০৫ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভীর এপিএস জাহেদুল আলম।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর