উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার এক সপ্তাহ না পেরোতেই সিলেট মহানগর বিএনপির তিন প্রবাসী নেতার পদ স্থগিত করা হয়েছে। কেন্দ্রের অনুমোদন ছাড়া তাদের উপদেষ্টা মনোনীত করা এবং যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়টি সামনে আসার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পদ স্থগিত হওয়া তিনজন হলেন যুক্তরাজ্যপ্রবাসী ফয়ছল আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাইফুর হারুন এবং যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ হুমায়ূন মিলাদ। বৃহস্পতিবার সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে তাদের পদ স্থগিতের কথা জানানো হয়।
দলীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিনজনকে উপদেষ্টা করার বিষয়টি জানাজানি হওয়ার পর দলের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। কেন্দ্রের অনুমোদন ছাড়া তাদের পদ দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় আসে।
এরই মধ্যে বুধবার সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সভায় বিষয়টি ওঠে। সেখানে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এর পরদিনই তিন প্রবাসী উপদেষ্টার পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “৫-৬ দিন আগে ওই তিন প্রবাসীকে উপদেষ্টা মনোনীত করা হয়েছিল। কিন্তু যথাযথ সাংগঠনিক বিধিসম্মত না হওয়ায় তাদের পদ স্থগিত করা হয়েছে।”
দলীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় অনুমোদন ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করেই তিনজনকে ওই পদ দেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে দলের ভেতরে আলোচনা-সমালোচনা শুরু হলে তাদের পদ স্থগিত করা হয়।
আজকের সিলেট/ জেকেএস









