অভিনয়ের প্রয়োজনে একাধিক সিনেমায় ঘনিষ্ঠ ও খোলামেলা দৃশ্যে দেখা গেছে রাধিকা আপ্তেকে। চরিত্রের প্রয়োজনে নগ্ন দৃশ্যেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে এমন কিছু চরিত্রে কাজ করার পরই তৈরি হয় অন্য এক অভিজ্ঞতা ইন্ডাস্ট্রির অনেকের ধারণা হতে থাকে, চিত্রনাট্যে প্রয়োজন থাকুক বা না থাকুক, এ ধরনের সব দৃশ্যেই রাধিকা রাজি থাকবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন রাধিকা। তাঁর দাবি, ক্যারিয়ারের প্রথম দিকে চার-পাঁচটি সিনেমায় তাঁকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। এরপর থেকেই একই ধরনের দৃশ্যের জন্য তাঁর কাছে একের পর এক প্রস্তাব আসতে থাকে।
রাধিকা বলেন, তাঁকে বারবার স্পষ্ট করে বলতে হয়েছে, ‘শুনুন, আমি কিন্তু এটা করব না।’ তাঁর বক্তব্য, বরং এসব অভিজ্ঞতার পর চিত্রনাট্য নিয়ে আরও সচেতন হয়ে ওঠেন তিনি। কোনো দৃশ্য কেন রাখা হয়েছে, সেটির প্রয়োজনীয়তা কী—এসব বিষয় নিয়েও নির্মাতাদের প্রশ্ন করতে শুরু করেন অভিনেত্রী।
কোনো ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ উঠলে রাধিকার প্রশ্ন থাকত, ‘কেন এটা করতে হবে? এই মুহূর্তে আমাকে চুমু খেতে হবে কেন?’ তাঁর ভাষ্য অনুযায়ী, এর জবাবে অনেক সময় নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটু করে নিন।’
শুধু চুম্বনের দৃশ্যেই নয়, স্বতঃস্ফূর্ত অভিনয়ের যুক্তিতে কোনো ঘনিষ্ঠ দৃশ্যের সময় আরও বাড়ানোর প্রস্তাবও পেয়েছেন বলে জানান রাধিকা। একবার তাঁকে মাত্র ১৫ সেকেন্ডের জন্য চুম্বনের দৃশ্যে অংশ নিতে বলা হয়েছিল। এমন প্রস্তাবে তিনি বিস্মিত হয়েছিলেন বলে জানান।
এর বাইরেও শুটিংয়ের সময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অভিনেত্রী, যা তাঁর কাছে অস্বাভাবিক লেগেছে। রাধিকা জানান, একটি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ের সময় তাঁকে জামার বোতাম না লাগিয়ে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
তাঁর যুক্তি ছিল, লড়াইয়ের দৃশ্যে স্বাভাবিকভাবেই শরীর ও পোশাকের নড়াচড়া থাকবে। সে অবস্থায় জামার বোতাম খোলা থাকলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর তাঁকে আরও অস্বস্তিকর একটি প্রস্তাব দেওয়া হয়—জামা না পরে শুধু অন্তর্বাস পরে ওই লড়াইয়ের দৃশ্য করার জন্য।
এমন প্রস্তাবে বিস্মিত হয়ে রাধিকার মনে প্রশ্ন জেগেছিল, ‘এরা আমাকে দিয়ে আসলে ঠিক কী করাতে চাইছে?’
তবে অভিনেত্রীর বক্তব্য, এসব প্রস্তাবের মধ্যেও নিজের অবস্থান তিনি সব সময় স্পষ্ট রেখেছেন। তাঁর কাছে কোনো দৃশ্যে অভিনয় করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটি চরিত্র ও গল্পের প্রয়োজন কি না।
রাধিকা জানান, কোনো গল্পে নগ্নতা বা খোলামেলা পোশাকের প্রয়োজন থাকলে সেই চরিত্রে অভিনয় করতে তাঁর আপত্তি নেই। কিন্তু শুধু দৃশ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য, কিংবা চিত্রনাট্যে প্রয়োজন না থাকা সত্ত্বেও এমন দৃশ্যে অভিনয় করতে তিনি রাজি নন।
অর্থাৎ সাহসী চরিত্রে অভিনয় করলেও দৃশ্যের যৌক্তিকতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন রাধিকা। তাঁর মতে, একটি সিনেমায় কোনো দৃশ্য রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার একজন অভিনয়শিল্পীর থাকা উচিত।
এদিকে বর্তমানে নেটফ্লিক্সের ছবি ‘দ্য লাস্ট স্টোরিজ ৩’-এ দেখা যাচ্ছে রাধিকাকে। চারজন পরিচালকের চারটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমার একটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এতে রাধিকার সঙ্গে অভিনয় করেছেন বিজয় বর্মা, কঙ্কনা সেনশর্মা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








