মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

স্ত্রীর ছবি তোলায় বাধা, ছুরিকাঘাতে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৪:৪১:০৫ অপরাহ্ন

স্ত্রীর ছবি তোলায় বাধা, ছুরিকাঘাতে প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর


নগরীর কাষ্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে খুন হয়েছেন হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবক। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

নিহত হৃদয় কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তিনি সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কাস্টঘর এলাকায় আমিন নামের এক যুবক গোপনে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন। বিষয়টি দেখে হৃদয় বাধা দিলে আমিন ক্ষুব্ধ হন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আমিন ফোন করে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হৃদয়ের ছোট ভাই অজয় কুমার হরিজনও দাবি করেন, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করেই তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমিনসহ কয়েকজন মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ছবি তোলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর