সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। চার মাস বয়সী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে।
সোমবার (১২ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলায়। সে ওই উপজেলার সুমন মিয়ার মেয়ে। গত ১০ অক্টোবর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ১০২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪২৯ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন রয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের রুবেলা শনাক্ত হয়েছে।
বিভাগে হাম সন্দেহে ও নিশ্চিত সংক্রমণে মারা যাওয়া ১৯১ জনের মধ্যে ১৮১ জন ছিলেন সন্দেহজনক হাম রোগী এবং ১০ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছিল। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে, ৭৮ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।
সরকারি হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে সাতজনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৫২১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের বড় একটি অংশ ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
আজকের সিলেট/ জেকেএস









