হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার সিরাজুল ইসলাম চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সিরাজুল ইসলাম। আত্মগোপনে থাকা অবস্থায় তিনি বিভিন্ন স্থান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট ও লেখালেখি করতেন। সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর মুক্তির দাবিতেও তিনি ফেসবুকে পোস্ট করতেন বলে জানা গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাধবপুরে পুলিশের গাড়ি ও ডাকবাংলো ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকের সিলেট / জেকেএস
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 








