সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূঁইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূঁইয়া। এর জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দীন। তিনি বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গভীর উদ্বেগজনক।
তিনি আরও বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সিলেট/ জেকেএস
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








