বিদ্রোহ, সাম্য আর মানবতার কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের আবহে মুখর হয়ে উঠেছিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালমুখ অগ্রগামী মডেল কেজি স্কুল ও গণপাঠাগার প্রাঙ্গণ। শিক্ষার্থীদের নাচ, গান ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’। শনিবার বিদ্যালয় ও গণপাঠাগারের উদ্যোগে দিনব্যাপী এ নজরুল উৎসবের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রহমান অলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার, মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন, সাবেক চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, চুনারুঘাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কবি ও আবৃত্তিকার জলিল উদ্দিন রইছ এবং ডা. আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উৎসবের সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা একক ও দলীয় নৃত্য এবং নজরুলসংগীত পরিবেশন করে। তাদের প্রাণবন্ত পরিবেশনায় বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও উৎসবের আবহ। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকের সিলেট/ জেকেএস
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 








