রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বানিয়াচংয়ে নিখোঁজের এক মাসে ও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী মীম: উদ্বেগ - উৎকন্ঠায় পরিবার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৬:১২:৪৩ অপরাহ্ন

বানিয়াচংয়ে নিখোঁজের এক মাসে ও  উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী মীম: উদ্বেগ - উৎকন্ঠায় পরিবার


হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামে এক মাদরাসাছাত্রীর সন্ধান মেলেনি। ছোট্ট মেয়েটির কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। 

নিখোঁজ মীম বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়ের পাড়া এলাকার খোয়াজ আলী মিয়ার মেয়ে। সে স্থানীয় দারুল হিকমাহ তালীমুল কুরআন একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সহপাঠীদের সঙ্গে মাদরাসায় যায় মীম। মাদরাসার ছুটি শেষে অন্য শিক্ষার্থীরা বাড়ি ফিরলেও মীম আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা মাদরাসায় গিয়ে তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকতে দেখেন। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও মীমের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না পাওয়ায় পরিবারের উদ্বেগ ক্রমেই বাড়ছে।

মাত্র ১০ বছর বয়সী একটি শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন পুরো এলাকার মানুষ। স্থানীয়দের প্রশ্ন, মাদরাসায় যাওয়ার পর একটি শিশু কীভাবে নিখোঁজ হলো? মাদরাসায় তার বই-খাতা ও ব্যাগ পড়ে থাকার বিষয়টি তদন্তে কতটা গুরুত্ব পাচ্ছে? দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শিশুটির সন্ধান না মেলায় তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

স্থানীয়দের দাবি, মীমকে উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হোক। নিখোঁজ হওয়ার ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে দ্রুত শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, “বিষয়টা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এটাই আমাদের কাজ এখন।”

একটি শিশুর নিখোঁজ হওয়ার এক মাস পার হয়ে গেলেও তার সন্ধান না পাওয়া সংশ্লিষ্ট সবার জন্যই উদ্বেগের বিষয়। পরিবারের অপেক্ষার অবসান ঘটাতে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন তাদের একটাই প্রত্যাশা—নিখোঁজ মীমকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর